দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৭৩ শিশুর শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হাম প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গে মারা যাওয়া চার শিশুর মধ্যে একজন ঢাকার এবং বাকি তিনজন সিলেট বিভাগের। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৮৪ জনে। এর মধ্যে পরীক্ষাগারে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৫ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে ১ লাখ ১৬ হাজার ৭১০ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে ১৪ হাজার ৩১৮ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৪৯ শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৯৮ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত চার মাসে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৯ হাজার ২৪৯ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৫ হাজার ৫২৯ জন। এ সময়ে দেশে পরীক্ষার মাধ্যমে মোট ৪ হাজার ৬৯৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।
আরো পড়ুন: