অপতথ্য ছড়িয়ে তরুণদের বিভ্রান্ত করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

অপতথ্য ছড়িয়ে তরুণদের বিভ্রান্ত করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬ ১৭:৪৩

আপডেট: ১৮ জুলাই, ২০২৬ ১৮:০৭

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, জাতিকে একটি উন্নত শিক্ষা ব্যবস্থা উপহার দিতে বর্তমান সরকার কাজ করছে। এ ক্ষেত্রে অপতথ্য ছড়িয়ে কিছু মানুষ তরুণদের বিভ্রান্ত করছে। তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, যা সুন্দর জাতি গঠনে বড় অন্তরায়।

শনিবার (১৮ জুলাই) দুপুরে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

নওগাঁ সদর উপজেলা হলরুমে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলীসহ নওগাঁর ছয়টি সংসদীয় আসনের সংসদ সদস্যরা।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে শহরের বরুনকান্দি মোড় এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে নামফলক উন্মোচনের মাধ্যমে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষ, আধুনিক লাইব্রেরি ও কম্পিউটার ল্যাব পরিদর্শন করেন।