১৫০ দিনেই জনগণের আস্থা অর্জন করেছে সরকার: মাহদী আমিন

১৫০ দিনেই জনগণের আস্থা অর্জন করেছে সরকার: মাহদী আমিন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬ ১৮:০৯

প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেছেন,  বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর গণতান্ত্রিক প্রতিষ্ঠানের পুনর্গঠন ও দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। ক্ষমতা গ্রহণের মাত্র ১৫০ দিনেই বর্তমান সরকার জনগণের কাছে নিরপেক্ষ এবং আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বর্তমান সরকারের ৫ মাস পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ বলেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করছে সরকার। একই সাথে যেভাবে জাতীয় সনদ স্বাক্ষর হয়েছে, তাও বাস্তবায়ন করছে বর্তমান সরকার। নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন করছে সরকার।

মাহদী আমিন বলেন, বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম পাঁচ মাসে দেশের সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে।

তিনি আরও বলেন, বিগত সরকারের সময় উন্নয়নের গালগল্প অনেক হয়েছে, কিন্তু কোথায় সেই উন্নয়ন? অনেক স্থানে অবনতি হয়েছে ফ্যাসিস্ট সরকারের আমলে। যার মধ্যে সবচেয়ে বেশি অবনতি ধর্মীয়, সামাজিক ও পারিবারিক মূল্যোবোধের অবক্ষয় হয়েছে। যতক্ষণ মানসিক ও পারিবারিক মূল্যবোধের উন্নয়ন না হবে, ততক্ষণ কোনো ক্ষেত্রে উন্নয়ন সম্ভব নয়।

প্রেস সচিব বলেন, কথায় নয়, কাজের মাধ্যমে দেশের গুণগত পরিবর্তনে নিজেই কাজ করছেন প্রধানমন্ত্রী। যে দলেরই হোক, যে মতের হোক, মতাদর্শ যাই হোক, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী সবাইকে আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে দেশ গঠনের ক্ষেত্রে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।