পাঁচ দিনের সফরে তুরস্কে গেলেন সেনাবাহিনী প্রধান

পাঁচ দিনের সফরে তুরস্কে গেলেন সেনাবাহিনী প্রধান
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬ ১২:০২

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

তুরস্ক সরকারের আমন্ত্রণে রোববার (১৯ জুলাই) তিনি ঢাকা ত্যাগ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সফরকালে সেনাপ্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। পাশাপাশি দেশটির সশস্ত্র বাহিনী ও প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় করবেন।

সেনাপ্রধানের এই সফরের মূল লক্ষ্য বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বিদ্যমান প্রতিরক্ষা সম্পর্ক আরও শক্তিশালী করা। সফরে দুই দেশের সামরিক সহযোগিতা, প্রতিরক্ষা শিল্প এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে আইএসপিআর।

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দীর্ঘদিন ধরে প্রতিরক্ষা ও সামরিক প্রশিক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা রয়েছে। সেনাপ্রধানের এ সফর সেই সম্পর্ক আরও সম্প্রসারণে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।