রাজধানী ঢাকার যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে আরও ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে দ্রুত অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম চালুর নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১৯ জুলাই) বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে শনিবার (১৮ জুলাই) পরিবেশ দূষণবিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী তারেক রহমান এ নির্দেশ দেন।
বৈঠকে রাজধানীর যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। এর অংশ হিসেবে ঢাকার আরও অন্তত ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মতো হর্ন নিয়ন্ত্রণেও প্রযুক্তির ব্যবহার করা যায় কি না, সে বিষয়েও আলোচনা হয়।
রাজধানীতে যানবাহনের অতিরিক্ত হর্ন ব্যবহার নিয়ন্ত্রণে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে সড়কে শব্দদূষণ কমাতে বিদ্যমান আইন বাস্তবায়ন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ ও পরিবেশ দূষণকারী বাস, ট্রাকসহ অন্যান্য যানবাহন দ্রুত অপসারণে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।
বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ বিভিন্ন সরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: