২০১৩ সালের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাযজ্ঞের অভিযোগের ঘটনায় তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
তদন্ত প্রতিবেদনে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজসহ ৪১ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে।
রোববার (১৯ জুলাই) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রতিবেদনটি প্রসিকিউশনের কাছে জমা দেয়।
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত সংস্থা প্রতিবেদন জমা দিয়েছে। বর্তমানে সেটি পর্যালোচনা করা হচ্ছে।
তিনি জানান, নির্ধারিত সময় অনুযায়ী আগামী ২১ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। মামলার তদন্তের অগ্রগতি নিয়ে পরে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।
তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনা ও জেনারেল আজিজ ছাড়াও তৎকালীন পুলিশ ও র্যাবের শীর্ষ কর্মকর্তারা, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ আরও কয়েকজনের নাম রয়েছে বলে জানানো হয়েছে।
এ ছাড়া একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা এবং সাংবাদিক শাহরিয়ার কবীরকেও মামলার আসামি করা হয়েছে।
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, তদন্তে এখন পর্যন্ত শুধু ঢাকায় ৩২ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে তদন্ত কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে থাকায় প্রকৃত নিহতের সংখ্যা এখনই নিশ্চিত করা সম্ভব নয়।
এদিকে মামলার অগ্রগতি জানতে হেফাজতে ইসলাম বাংলাদেশের একটি প্রতিনিধি দল চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করেছে।
রোববার সকালে সংগঠনটির সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদের নেতৃত্বে ১০ থেকে ১৫ সদস্যের একটি দল প্রসিকিউশন কার্যালয়ে যায়। প্রতিনিধি দলে মাওলানা মামুনুল হক, মুফতি হারুন ইজহার ও মুফতি মীর ইদ্রিসসহ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
২০১৩ সালের ৫ মে ১৩ দফা দাবিতে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দিনভর উত্তেজনা ও সংঘর্ষের পর রাতে পুলিশ, র্যাব ও বিজিবির যৌথ অভিযানে শাপলা চত্বর খালি করা হয়।
ওই অভিযানে বহু মানুষের মৃত্যুর অভিযোগ ওঠে। এ ঘটনায় বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত কার্যক্রম চলছে।
আরো পড়ুন: