মানিকগঞ্জে টায়ার বাস্ট হয়ে খালে বাস, নিহত ১

মানিকগঞ্জে টায়ার বাস্ট হয়ে খালে বাস, নিহত ১
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬ ১৪:৩৬

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে সেলফী পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ থেকে ৮ জন।

রোববার (১৯ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ড এলাকার জোড়া ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে ঢাকাগামী সেলফী পরিবহনের একটি বাস বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে একটি চাকা বাস্ট হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি দুই ব্রিজের মাঝখানের খালে পড়ে যায়।

দুর্ঘটনায় বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর ছাদের অংশ খুলে পড়ে। এতে ঘটনাস্থলেই একজন যাত্রীর মৃত্যু হয়। আহত হন আরও কয়েকজন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। আহতদের ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল এবং মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

খবর পেয়ে শিবালয় থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।