২০২৬ বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার স্বত্ব কিনতে এবার ব্যয় প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনা হয়েছে বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি বলেছেন, আগের বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে প্রায় ১৪০ কোটি টাকার লেনদেন হলেও এবার কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি ফিফার কাছ থেকে মিডিয়া রাইটস কেনা হয়েছে।
রোববার (১৯ জুলাই) সকালে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী জানান, ২০২৬ বিশ্বকাপের সম্প্রচার স্বত্বের জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি ফিফার সঙ্গে আলোচনা করে চুক্তি করেছে। এ জন্য ব্যয় হয়েছে ৩ দশমিক ৮৫ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৭ কোটি টাকা।
তিনি বলেন, পরবর্তীতে দেশের আরও কয়েকটি গণমাধ্যমের কাছে সাব-লাইসেন্সিংয়ের মাধ্যমে এই ব্যয়ের বড় অংশ তুলে আনা সম্ভব হয়েছে। বর্তমানে যে সামান্য ঘাটতি রয়েছে, তা বিজ্ঞাপন ও রেভিনিউ শেয়ারের মাধ্যমে সমন্বয় করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে জহির উদ্দিন স্বপন ২০২২ সালের কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কেনার প্রক্রিয়ার সঙ্গে বর্তমান ব্যবস্থার তুলনা তুলে ধরেন।
তিনি বলেন, ২০২২ বিশ্বকাপে ফিফার কাছ থেকে একটি বিদেশি প্রতিষ্ঠান মিডিয়া রাইটস কেনার পর বাংলাদেশে তা মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে বিক্রি করা হয়। ওই প্রক্রিয়ায় প্রায় ১৪০ কোটি টাকার লেনদেন হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।
তার দাবি, এবার সরাসরি ফিফার সঙ্গে চুক্তি করায় মধ্যস্বত্বভোগীদের ভূমিকা নেই এবং এতে সরকারের অর্থ সাশ্রয় হয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, দেশের কোটি কোটি ফুটবলপ্রেমীর খেলা দেখার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রীয় অর্থের অপচয় রোধ করাই ছিল সরকারের লক্ষ্য।
তিনি জানান, বিটিভির কর্মকর্তা-কর্মচারীদের প্রচেষ্টায় বিশ্বকাপ সম্প্রচার কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। এ প্রক্রিয়াকে ভবিষ্যতে আরও আধুনিক ও লাভজনক করার পরিকল্পনা রয়েছে।
সংবাদ সম্মেলনে তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. শাহ আলম, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: