সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬ ১৫:৫৬

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে হবে।

রোববার (১৯ জুলাই) সকালে রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত চার দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিভিল সার্ভিস রাষ্ট্র পরিচালনার অন্যতম প্রধান চালিকাশক্তি। বিগত বছরের প্রশাসনিক রাজনীতিকরণের ধারা থেকে বেরিয়ে এসে জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবকে পরিণত করতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকারের প্রতি জনগণের উচ্চ প্রত্যাশা রয়েছে। সেই প্রত্যাশা পূরণে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব নিশ্চিত করা জরুরি।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, নিজেদের শাসক নয়, বরং জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। কেবল আনুষ্ঠানিক কর্মসূচি নয়, জনগণের বাস্তব কল্যাণে আসে—এমন উদ্যোগ গ্রহণের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সঠিক নীতি প্রণয়নের জন্য নির্ভুল পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-কে আরও কার্যকর ও শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করার প্রয়োজন রয়েছে।

তার ভাষ্য, কৃষি উৎপাদন, আদমশুমারি ও মাথাপিছু আয়ের মতো গুরুত্বপূর্ণ খাতে নির্ভরযোগ্য তথ্য ছাড়া কার্যকর নীতিনির্ধারণ সম্ভব নয়।

দেশের অর্থনৈতিক ভিত্তি আরও শক্তিশালী করতে কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও রেমিট্যান্স খাতকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান মন্ত্রী।

তিনি বলেন, কৃষিনির্ভর শিল্পের সম্প্রসারণ, কারিগরি শিক্ষার প্রসার এবং দক্ষ জনশক্তি তৈরি দেশের দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য অপরিহার্য।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নীতি প্রণয়ন সরকারের দায়িত্ব, আর সেই নীতির আলোকে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা প্রশাসনের দায়িত্ব। তিনি কর্মকর্তাদের নিয়মের বাইরে কোনো কার্যক্রম পরিচালনা না করার নির্দেশ দেন।

অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক, বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) মোহাম্মদ আলতাফ-উল-আলম এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সিপিটি) মোহাম্মদ মনিরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।