রাজধানীর সদরঘাটের শ্যামবাজার ঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দুইজনের জীবিত সন্ধান মিলেছে। তারা নদীর অপর পাড়ে সাঁতরে উঠে নিরাপদে পৌঁছান।
ফায়ার সার্ভিস জানিয়েছে, নিখোঁজ দুইজনের কাছে মোবাইল ফোন না থাকায় তারা পরিবারের মাধ্যমে ট্রলারের মালিককে বিষয়টি জানান। পরে তাদের জীবিত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়।
রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।
নৌ পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা জানান, ট্রলারটি গাজীপুরের কড্ডাবাজার থেকে নতুন তৈরি করে কুমিল্লার মুরাদনগরের উদ্দেশে যাচ্ছিল।
সদরঘাট এলাকা অতিক্রম করার সময় সকাল সাড়ে ৮টার দিকে ট্রলারের পাখা (প্রপেলার) কোনো কিছুর সঙ্গে আটকে যায়। এতে ইঞ্জিন বন্ধ হয়ে ট্রলারটি নদীতে স্থির হয়ে পড়ে।
এ সময় বরিশাল থেকে ঢাকাগামী এমভি সুন্দরবন-১২ লঞ্চ ট্রলারটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়।
দুর্ঘটনার সময় ট্রলারে মোট ১০ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে আটজনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হয়। বাকি দুইজন নিখোঁজ থাকায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি অভিযান চালায়।
পরে নিখোঁজ দুইজনের জীবিত থাকার তথ্য নিশ্চিত হলে অভিযান বন্ধ করা হয়।
আরো পড়ুন: