উজানের ঢল ও টানা ভারি বৃষ্টির প্রভাবে আবারও বাড়তে শুরু করেছে তিস্তা নদীর পানি। নীলফামারীর ডিমলার ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির চাপ সামাল দিতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।
সোমবার (২০ জুলাই) সকাল ৮টায় ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১০ মিটার, যেখানে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার। অর্থাৎ নদীর পানি বর্তমানে বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের নিম্নাঞ্চল এবং জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরি বলেন, সকাল ৮টার তথ্য অনুযায়ী তিস্তার পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উজান থেকে আরও পানি নেমে আসায় নদীর পানি বাড়ার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।
তিনি জানান, পানি পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। নদীর পানি আরও বৃদ্ধি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরো পড়ুন: