মোজাফফরের বিচার সেনা আইনেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মোজাফফরের বিচার সেনা আইনেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬ ১৬:৪৪

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফরের বিচার সেনা আইন অনুযায়ী জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে হবে। একই ব্যক্তির বিরুদ্ধে সেনা আইন ও ফৌজদারি আইনে একযোগে বিচার করার সুযোগ নেই।

সোমবার (২০ জুলাই) বিজিবি সদরদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দীর্ঘদিন প্রতিবেশী দেশে পলাতক থাকার পর মেজর (অব.) মোজাফফরকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাই তার বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী বিচার কার্যক্রম পরিচালিত হবে।

তিনি বলেন, মোজাফফরের অন্যান্য সহযোগীদেরও সামরিক আদালতে বিচার হয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে ফৌজদারি আইনে পৃথক মামলা করার আইনগত সুযোগ রয়েছে কি না, সেটিও সরকার পর্যালোচনা করবে।

সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, মিয়ানমারের চলমান সংঘাতের কারণে বাংলাদেশের সীমান্ত এখন অত্যন্ত স্পর্শকাতর। ল্যান্ডমাইন শনাক্তে বিজিবিকে বিশেষ যন্ত্রপাতি দেওয়া হয়েছে এবং সীমান্ত নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়ে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি।

ভারত থেকে কাউকে জোরপূর্বক ‘পুশইন’ করতে দেওয়া হয়নি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের ফেরত আনার বিষয়টি পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে নয়; বরং ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আলোচনা করে সমাধান করা হবে।

তিনি জানান, সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করতে এবং বিজিবির সক্ষমতা বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।