ফ্যামিলি কার্ড কর্মসূচিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ফ্যামিলি কার্ড কর্মসূচিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬ ১৭:০২

ফ্যামিলি কার্ড কর্মসূচিতে প্রকৃত উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সুবিধা সঠিক মানুষের কাছে পৌঁছে দিতে নির্ভুল তথ্যভাণ্ডার তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। বৈঠকে সভাপতিত্ব করেন তিনি।

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি জানান, বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত গুরুত্বপূর্ণ অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির অগ্রগতি এবং পর্যায়ক্রমে সারাদেশে এর সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে ফ্যামিলি কার্ড কার্যক্রম ধাপে ধাপে সারাদেশে বাস্তবায়নে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের সুবিধা প্রদানের ক্ষেত্রে প্রকৃত উপকারভোগী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য নির্ভুল তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং একটি গ্রহণযোগ্য তথ্যভাণ্ডার গড়ে তুলতে হবে।

বৈঠকে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।