পর্যটন খাতকে আরও শক্তিশালী করতে ওমরাহ ভিসার মেয়াদ বাড়িয়ে এক বছর (৩৬৫ দিন) করেছে সৌদি আরব। নতুন নিয়ম অনুযায়ী, এই ভিসার মাধ্যমে দর্শনার্থীরা বছরে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন এবং প্রতিবার সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন।
সোমবার (২০ জুলাই) সৌদি আরবের সরকারি বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
নতুন নিয়মে ভিসাধারীদের প্রতিবার সৌদি আরবে প্রবেশের আগে দেশটির অনলাইন প্ল্যাটফর্ম নুসুক থেকে একটি প্যাকেজ কিনতে হবে। তবে ওই প্যাকেজের মেয়াদ কোনোভাবেই ভিসার অবশিষ্ট মেয়াদের চেয়ে বেশি হতে পারবে না।
এ ছাড়া সৌদিতে প্রবেশের আগে দর্শনার্থীদের নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহ পালনের অনুমতিপত্র সংগ্রহ করতে হবে।
তবে হজ মৌসুমে নির্দিষ্ট সময়ের জন্য এই ভিসা কার্যকর থাকবে না। আরবি জিলক্বদ মাসের ১ তারিখ থেকে জিলহজ মাসের ১৩ তারিখ পর্যন্ত ওমরাহ ভিসা ব্যবহার করা যাবে না।
সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ও ক্রাউনপ্রিন্স মোহাম্মদ বিন সালমানের ‘সৌদি ভিশন ২০৩০’-এর লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে ওমরাহ ভিসায় এই পরিবর্তন আনা হয়েছে।
সৌদি সরকার আশা করছে, নতুন ভিসা নীতির মাধ্যমে আন্তর্জাতিক দর্শনার্থীর সংখ্যা বাড়বে এবং দেশটির পর্যটন খাত আরও সম্প্রসারিত হবে।
আরো পড়ুন: