একদিনে ডেঙ্গুতে ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৩৭২

একদিনে ডেঙ্গুতে ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৩৭২
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬ ১৭:৫১

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৭২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন নারী ও একজন শিশু রয়েছে। তাদের মধ্যে শিশুটির বয়স শূন্য থেকে পাঁচ বছরের মধ্যে। এছাড়া মৃত দুই নারীর একজনের বয়স ৩১ থেকে ৩৫ বছর এবং অন্যজনের বয়স ৪৬ থেকে ৫০ বছরের মধ্যে।

নতুন মৃত্যুর ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে। এদের মধ্যে ২২ জন নারী এবং ১৫ জন পুরুষ।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৩৭২ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ৩৪ জন। এর মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৪৮৩ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৮৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ৭৮৬ জন।

মৃতদের মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ১২ জনের। ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ছয়জন এবং সিটি করপোরেশনের বাইরের এলাকায় একজনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া ময়মনসিংহে পাঁচজন, চট্টগ্রামে চারজন, খুলনায় পাঁচজন, বরিশালে তিনজন এবং রাজশাহীতে একজন ডেঙ্গুতে মারা গেছেন।