চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৭টার দিকে সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাদুরতলা এলাকার বাসিন্দা ভিকুর স্ত্রী হাসিনা বেগম (৫২), তার ভাতিজি আশা খাতুন (২৬) এবং আশার মেয়ে মিম আক্তার (১৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হাসিনা বেগম একটি লোহার মই বেয়ে বাড়ির ছাদে উঠছিলেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করতে এগিয়ে যান তার ভাতিজি আশা খাতুন ও আশার মেয়ে মিম আক্তার। তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, বারোঘরিয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আরো পড়ুন: