রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬ ১১:৩২

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) ভোর ৪টার দিকে নতুন বাজার ১০০ ফিট সড়কের একটি ছয়তলা ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন— শাহীন (২৪), তার স্ত্রী ফাহিমা আক্তার (২১) এবং শাহীনের ভাগনি হাফসা আক্তার (৮)। তাদের তিনজনকেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

প্রতিবেশী মো. জসিম উদ্দিন জানান, শাহীন একটি কাপড়ের শোরুমে কাজ করেন। তারা ওই বাসায় ভাড়া থাকতেন। ভোরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের আওয়াজ শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান। পরে বাসার ভেতরে তিনজনকে দগ্ধ অবস্থায় দেখতে পান এবং দ্রুত হাসপাতালে নিয়ে আসেন।

তিনি জানান, বাসাটিতে তিতাসের গ্যাস সংযোগ ছিল। ধারণা করা হচ্ছে, রাতে গ্যাস লিক হয়ে ঘরের ভেতরে জমে ছিল। পরে রান্নার সময় বা অন্য কোনোভাবে আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণ ঘটে থাকতে পারে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, শাহিনের শরীরের ৫০ শতাংশ, ফাহিমা আক্তারের ৪৫ শতাংশ এবং হাফসা আক্তারের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। গ্যাস লিকেজের প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।