গুম, বিচারবহির্ভূত হত্যা ও যেকোনো ধরনের বেআইনি কর্মকাণ্ডের বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, এসব বিষয়ে সরকার কোনো ধরনের ছাড় দেবে না।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, ভুল তথ্য, অপতথ্য ও ফেক ভিডিও ছড়িয়ে অনেক মানুষকে সামাজিকভাবে হেয় করা হচ্ছে। এসব অপপ্রচার রোধে সরকার কাজ করছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে দাবি করে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দক্ষতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে।
তিনি বলেন, সরকারের কার্যক্রম নিয়ে সমালোচনা করা নাগরিকদের অধিকার। তবে কোনোভাবেই আইন লঙ্ঘন করে কর্মকাণ্ড পরিচালনা করা যাবে না।
অনলাইনে মিথ্যা তথ্য, গুজব ও নারীদের নিয়ে সাইবার বুলিং প্রতিরোধে সরকার আইনজীবীদের নিয়ে একটি প্যানেল গঠন করেছে বলে জানান তথ্য উপদেষ্টা।
তিনি বলেন, এই প্যানেল নাগরিকদের আইনি সুরক্ষা দিতে কাজ করবে। অনলাইনে অপতথ্য ছড়ানো ও হয়রানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ডা. জাহেদ উর রহমান জানান, আগামী আগস্ট থেকে পরীক্ষামূলকভাবে প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘প্রবাসী কার্ড’ কর্মসূচি চালু করা হবে।
প্রথম ধাপে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমে ডুয়েল-কারেন্সি প্রবাসী ডেবিট কার্ড দেওয়া হবে।
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের এখনো ক্ষতিপূরণ দিতে না পারাকে সরকারের ব্যর্থতা বলে স্বীকার করেন তিনি।
তিনি বলেন, বিষয়টি সরকারের নজরে রয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অবশ্যই ক্ষতিপূরণ পাবেন।
যান চলাচলের সুবিধার্থে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
তিনি বলেন, নতুন স্থানে ভাস্কর্যটি নতুন করে নির্মাণ করা হবে।
আরো পড়ুন: