মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মেজর (অব.) মোজাফফর হোসেনকে আগামী বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার এই আসামিকে ট্রাইব্যুনালে হাজির করতে প্রসিকিউশনের আবেদনের পর এ আদেশ দেওয়া হয়।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি গ্রেপ্তার মেজর (অব.) মোজাফফর হোসেনকে ট্রাইব্যুনালে হাজির করতে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন জানান।
শুনানিতে তিনি বলেন, জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তারের পর মোজাফফর বর্তমানে মিলিটারি পুলিশের হেফাজতে রয়েছেন। মানবতাবিরোধী অপরাধে তার সম্পৃক্ততার অভিযোগ থাকায় তাকে ট্রাইব্যুনালে হাজির করা প্রয়োজন।
আবেদন শুনে আদালত আগামী বৃহস্পতিবার তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন।
শুনানির সময় প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, সহিদুল ইসলাম সরদার, শাইখ মাহদী, মঈনুল করিমসহ অন্যান্য প্রসিকিউটর উপস্থিত ছিলেন।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, মেজর (অব.) মোজাফফরের বিচার সেনা আইনে জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে নিশ্চিত করা হবে।
তিনি বলেন, মোজাফফরের সহযোগীদের বিচারও সামরিক আদালতে হয়েছে। দীর্ঘদিন ভিন্ন পরিচয়ে পার্শ্ববর্তী একটি দেশে আত্মগোপনে থাকার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় এবং সেনা আইনে বিচারের জন্য সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, মেজর (অব.) মোজাফফর হোসেন প্রায় ৪৫ বছর ধরে পলাতক ছিলেন। গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আরো পড়ুন: