হামের উপসর্গে বাড়ছে শিশুমৃত্যু, একদিনে প্রাণহানি আরও ৪

হামের উপসর্গে বাড়ছে শিশুমৃত্যু, একদিনে প্রাণহানি আরও ৪

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬ ১৬:২৩

দেশে হামের প্রকোপ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮ জনের শরীরে হাম বা হামের উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার (২১ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

এ সময়ে ১৩০ জন শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৮৭৮ জন। সব মিলিয়ে ২৪ ঘণ্টায় নতুন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮ জন।

একই সময়ে নতুন করে ১ হাজার ২১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৮৭৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৭০২ শিশুর মৃত্যু হয়েছে।

এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৫ শিশু। ফলে এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৯৭ জনে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৪৪৮।

এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী পাওয়া গেছে ১৪ হাজার ৭০৮ জন।

এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ২ হাজার ২৪৪ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৯৮ হাজার ৪১১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।