বগুড়ার কাহালু উপজেলায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার মুরইল ইউনিয়নের ভলতা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- ভলতা গ্রামের মো. আবদুলের এক বছর বয়সী ছেলে জাকির এবং একই গ্রামের ফারুক হোসেনের আট বছর বয়সী ছেলে সাইফ ও পাঁচ বছর বয়সী মেয়ে জুরাইয়া। তারা পরস্পরের নিকটাত্মীয় বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির উঠানে খেলছিল শিশুরা। একপর্যায়ে খেলার বল পুকুরে পড়ে গেলে তা তুলতে গিয়ে একটি শিশু পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে পরপর আরও দুই শিশু পানিতে পড়ে ডুবে যায়।
পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে উদ্ধার অভিযানে নামেন। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও তাদের পৌঁছানোর আগেই স্থানীয়রা তিন শিশুকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়।
কাহালু ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. সবুজ হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে পৌঁছানোর আগেই স্থানীয়রা শিশুদের উদ্ধার করেন।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে, প্রথমে দুই শিশু পুকুরে পড়ে যায়। তাদের উদ্ধার করতে গিয়ে অপর শিশুটিও পানিতে পড়ে যায়। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ঘটনাকে কেন্দ্র করে ভলতা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
আরো পড়ুন: