মেহেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১২

মেহেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১২
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬ ১৮:৩৮

মেহেরপুর শহরের ওয়াপদার মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে উল্টে পড়েছে। এ দুর্ঘটনায় অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। বুধবার (২১ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের পরিচয় জানা গেছে। আহতদের মধ্যে রয়েছেন মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের তাওহিদুর রহমান (৪০), আরিফুল ইসলাম (৩৬), চাঁদবিল গ্রামের রেনুয়ারা খাতুন (৫০), আশরাফপুর গ্রামের মিলন হোসেন (১৮), তারানগর গ্রামের ববিতা খাতুন (৩৮) ও তার মেয়ে প্রিয়া খাতুন (২০)। এছাড়া আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া-জ-০৪-০০৩২ নম্বরের বাসটি মেহেরপুর কলেজ মোড় থেকে যাত্রী নিয়ে কুষ্টিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে মেহেরপুর সিভিল সার্জন কার্যালয়ের গেটের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ইউ-টার্ন নেওয়ার সময় বাসটির সামনে চলে আসে। একই সময়ে একটি ইজিবাইকও সামনে থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

পরে বাসটি মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনের খাদে পড়ে উল্টে যায়। দুর্ঘটনার পর বাসের ভেতরে থাকা যাত্রীদের চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল উদ্ধার অভিযানে অংশ নেয়। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ চলছে।