বিপৎসীমার দ্বারপ্রান্তে তিস্তা, নিম্নাঞ্চলে প্লাবনের শঙ্কা

বিপৎসীমার দ্বারপ্রান্তে তিস্তা, নিম্নাঞ্চলে প্লাবনের শঙ্কা
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬ ১০:২৮

উজানের ঢল এবং টানা ভারি বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে নীলফামারীর ডিমলার ডালিয়া পয়েন্টে বিপৎসীমার মাত্র ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার নদীতীরবর্তী নিম্নাঞ্চলে প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে।

বুধবার (২২ জুলাই) সকাল ৯টায় ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১৪ মিটার, যেখানে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার। অর্থাৎ নদীর পানি বর্তমানে বিপৎসীমার মাত্র ১ সেন্টিমিটার নিচে রয়েছে।

পানি বৃদ্ধি পাওয়ায় ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে। একই সঙ্গে জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিচু এলাকাগুলোও প্লাবনের ঝুঁকিতে রয়েছে।

টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিন বলেন, তিস্তার পানি বাড়তে শুরু করায় নিম্নাঞ্চলে পানি ঢুকছে। পানি আরও বৃদ্ধি পেলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, সকাল ৯টার হিসাবে তিস্তার পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকায় পানি আরও বাড়তে পারে। পরিস্থিতি মোকাবিলায় তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।