বস্ত্রখাতের সংকট সমাধানে কমিটি গঠন করলেন প্রধানমন্ত্রী

বস্ত্রখাতের সংকট সমাধানে কমিটি গঠন করলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬ ১২:০১

দেশের বস্ত্রখাতের দীর্ঘদিনের সমস্যা সমাধানে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২২ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।

বিটিএমএ সভাপতি বলেন, বস্ত্রখাতের সমস্যাগুলো দীর্ঘদিনের। আগের কোনো সরকারই এসব সমস্যার কার্যকর সমাধান করতে পারেনি। তবে বর্তমান সরকার উদ্যোগ নিলে এ খাত আবারও ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি জানান, সরকারের প্রয়োজনীয় পদক্ষেপের পরও সমস্যাগুলো পুরোপুরি সমাধানে প্রায় দেড় বছর সময় লাগতে পারে। এ সময় সরকারকে দিতে প্রস্তুত রয়েছেন উদ্যোক্তারা।

শওকত আজিজ বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বস্ত্রখাতের গ্যাস ও বিদ্যুৎ সংকটের পাশাপাশি আর্থিক সমস্যার বিষয়গুলোও তুলে ধরা হয়েছে।

তিনি বলেন, সরকার এরই মধ্যে বস্ত্রখাতে ৫ শতাংশ প্রণোদনা দিচ্ছে। গঠিত কমিটি আগামী সপ্তাহে আবার বৈঠকে বসবে।

বিটিএমএ সভাপতি আরও বলেন, সরকারের বন্ধ কারখানা চালু এবং বন্ধ বা অর্ধবন্ধ কারখানাগুলো পুনরায় সচল করার উদ্যোগ সফল হলে দ্রুতই প্রায় ১৫ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হতে পারে।

তবে বস্ত্রখাতকে প্রতিযোগিতামূলক অবস্থানে নিতে হলে আন্তর্জাতিক বাজারে ডাম্পিং বা অস্বাভাবিক কম দামে পণ্য প্রবেশের বিষয়েও নজর দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।