বাংলাদেশের বন্যার্তদের জন্য চীনের ১ লাখ ডলার সহায়তা

বাংলাদেশের বন্যার্তদের জন্য চীনের ১ লাখ ডলার সহায়তা
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬ ১৪:১৩

বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ১ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে চীন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে এই অর্থ বন্যার্তদের সহায়তায় ব্যবহার করা হবে।

বুধবার (২২ জুলাই) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে চীনের পক্ষ থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে অনুদানের অর্থ হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে চীনের রেড ক্রস সোসাইটির পক্ষ থেকে অনুদানের চেক হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

এ সময় ইয়াও ওয়েন বলেন, সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে বাংলাদেশে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে অনেক মানুষের প্রাণহানি ঘটেছে, লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে এবং কৃষিজমি ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।

তিনি বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশের জনগণের প্রতি চীনের জনগণ আন্তরিক সমবেদনা জানাচ্ছে। এই সহায়তা বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি চীনের গভীর উদ্বেগ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন।

চীনা রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশের মানুষ যখনই কোনো সংকটে পড়েছে, চীন সবসময় দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। বর্তমান বন্যা পরিস্থিতিতেও চীন সহযোগিতা অব্যাহত রাখবে।