১২৮তম দফায় পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

১২৮তম দফায় পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬ ১৫:৪৪

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ আগস্ট দিন নির্ধারণ করেছেন আদালত। তদন্ত সংস্থা নির্ধারিত দিনে প্রতিবেদন জমা দিতে না পারায় এ নিয়ে ১২৮তম দফায় নতুন সময় দেওয়া হলো।

বুধবার (২২ জুলাই) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম নতুন এ তারিখ নির্ধারণ করেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।

ঘটনার পর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট মামলার তদন্তের দায়িত্ব র‌্যাবের কাছ থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত একটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে দেয়। একই সঙ্গে ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।

তবে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ না হওয়ায় রাষ্ট্রপক্ষ আদালতের কাছে অতিরিক্ত সময়ের আবেদন করে।

এর পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ২২ এপ্রিল হাইকোর্ট আরও ছয় মাস সময় মঞ্জুর করেন এবং ২২ অক্টোবর পরবর্তী আদেশের দিন নির্ধারণ করেন।

কিন্তু সেই সময়সীমার মধ্যেও টাস্কফোর্স তদন্ত প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়।

পরবর্তীতে ২৩ অক্টোবর হাইকোর্ট বিভিন্ন সংস্থার অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সকে তদন্ত শেষ করার জন্য আরও ছয় মাস সময় দেন।

এদিকে দীর্ঘ ১৩ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও বহুল আলোচিত এই হত্যা মামলার তদন্ত এখনো শেষ হয়নি।