দেশে হামের প্রাদুর্ভাব কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। মৃতদের বড় অংশই শিশু।
বুধবার (২২ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৭ জন। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৩৩ জনের। এ নিয়ে দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৪১ জনে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯০৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ২০ হাজার ৩৫২ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩ হাজার ৭৮ জন। তাদের মধ্যে ৯৯ হাজারের বেশি রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
গত প্রায় চার মাস ধরে দেশে প্রতিদিনই বাড়ছে হাম আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের মে পর্যন্ত ছয় মাসে বাংলাদেশে হাম বা হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ১৭৪ জন, যা বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে বেশি।
ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, ওই সময়ে বিশ্বের ১৬৫টি দেশে মোট ১ লাখ ৮৬ হাজার মানুষ হাম বা এর উপসর্গে আক্রান্ত হয়েছেন। বর্তমানে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কয়েকটি দেশে হাম পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক।
তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ছয় মাসে হাম সংক্রমণের দিক থেকে বাংলাদেশের অবস্থান শীর্ষে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত, যেখানে আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ৬০৭ জন। এরপর রয়েছে ইয়েমেন, মেক্সিকো, পাকিস্তান, ক্যামেরুন, কাজাখস্তান, গুয়েতেমালা, অ্যাঙ্গোলা ও সুদান।
চলতি বছরের শুরুতে দেশে শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব দেখা দেয়। অল্প সময়ের মধ্যেই আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। স্বাস্থ্য অধিদপ্তর ১৫ মার্চ থেকে নিয়মিত হাম সংক্রমণের তথ্য প্রকাশ করছে।
আরো পড়ুন: