পাইলট প্রকল্পে সাড়ে তিন লাখ প্রাথমিক শিক্ষার্থী পাবে স্কুল ড্রেস

পাইলট প্রকল্পে সাড়ে তিন লাখ প্রাথমিক শিক্ষার্থী পাবে স্কুল ড্রেস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬ ১৭:১৯

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রাথমিক শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। একটি পাইলট প্রকল্পের আওতায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের অনেক শিক্ষার্থী বর্তমানে অতিরিক্ত ডিভাইস ব্যবহারের কারণে আসক্ত হয়ে পড়ছে। এ সমস্যা মোকাবিলায় খেলাধুলার সুযোগ বাড়ানো জরুরি। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে বিদ্যালয়ভিত্তিক খেলাধুলার কার্যক্রম আরও জোরদার করা হবে।

তিনি আরও বলেন, শ্রেণিকক্ষে পাঠদানের মান উন্নয়নে শিক্ষকদের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও মনিটরিং বাড়াতে হবে। যেসব শিক্ষক সময়মতো বিদ্যালয়ে উপস্থিত হন না কিংবা পাঠদানে অবহেলা করেন, তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের নিয়মিত বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ দেন শিক্ষামন্ত্রী।

সভায় তিনি জানান, আগামী ৯ আগস্ট থেকে সারা দেশে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ শুরু হবে। শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ততা বাড়ানো এবং প্রতিভা বিকাশে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন তিনি।