দলীয় সিদ্ধান্তে নয়, আইন অনুযায়ী নির্ধারণ হবে গাজী নজরুলের এমপি পদ

দলীয় সিদ্ধান্তে নয়, আইন অনুযায়ী নির্ধারণ হবে গাজী নজরুলের এমপি পদ
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬ ১৩:৪৩

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের এমপি পদ নিয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে যাচ্ছে না নির্বাচন কমিশন (ইসি)। দলীয় বহিষ্কারের বিষয়টি এককভাবে বিবেচনায় নিয়ে আসন শূন্য ঘোষণা করার সুযোগ নেই জানিয়ে, জাতীয় সংসদের আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ইসি মাছউদ বলেন, সংসদের পক্ষ থেকে প্রয়োজনীয় চিঠি পাওয়ার পর নির্বাচন কমিশন পুরো বিষয়টি পর্যালোচনা করবে। সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী কোনো সংসদ সদস্য নিজ দল থেকে পদত্যাগ করলে তার আসন শূন্য হওয়ার বিধান রয়েছে।

তবে কোনো রাজনৈতিক দল কোনো সদস্যকে বহিষ্কার করলে শুধুমাত্র সেই কারণে তার সংসদ সদস্য পদ বাতিলের স্পষ্ট কোনো সাংবিধানিক বিধান নেই বলে জানান তিনি।

তিনি বলেন, এ ধরনের বিষয়ে জাতীয় সংসদের স্পিকার বা সংসদ থেকে নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিক রেফারেন্স এলে কমিশন আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সংসদের নির্দিষ্ট নির্দেশনা সংবলিত চিঠি পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, কমিশন সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করছে। চলতি বছরের অক্টোবর মাসকে লক্ষ্য রেখে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি বলেন, নতুন করে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় সরকার ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা রয়েছে।

নির্বাচনের তারিখ নির্ধারণের ক্ষেত্রে আবহাওয়া পরিস্থিতি, সরকারি পরীক্ষা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় নেওয়া হবে বলেও জানান তিনি।