বৈদেশিক বিনিয়োগ বাড়াতে বিদেশি উদ্যোক্তাদের আহ্বান প্রধানমন্ত্রীর

বৈদেশিক বিনিয়োগ বাড়াতে বিদেশি উদ্যোক্তাদের আহ্বান প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬ ১৪:০৬

আপডেট: ২৩ জুলাই, ২০২৬ ১৪:০৯

বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ বাড়াতে বিদেশি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নতুন উদ্যোগ গ্রহণ ও ব্যবসা সম্প্রসারণে বাংলাদেশে আসা বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সহযোগিতা ও নীতিগত সহায়তা দেবে সরকার।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) আয়োজিত ‘বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির লক্ষ্যে বৈদেশিক বিনিয়োগ ত্বরান্বিতকরণ’ শীর্ষক এফআইসিসিআই এফডিআই সম্মেলন ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, দেশীয় উদ্যোক্তা কিংবা বিদেশি বিনিয়োগকারী—যে কেউ বাংলাদেশে মূলধন বিনিয়োগ করলে সরকার সময়, প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং সময়োপযোগী নীতিমালার মাধ্যমে তাদের পাশে থাকবে।

তিনি বলেন, এটি শুধু কোনো আশ্বাস নয়, বরং সরকারের সুনির্দিষ্ট অঙ্গীকার। বিনিয়োগকারীদের জন্য একটি সহায়ক ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করবে।

প্রধানমন্ত্রী বলেন, এফআইসিসিআই এফডিআই সম্মেলনে দেশি-বিদেশি করপোরেট প্রধান, সফল বিনিয়োগকারী ও বিশেষজ্ঞদের অংশগ্রহণ প্রমাণ করে যে বাংলাদেশ বিনিয়োগের একটি গুরুত্বপূর্ণ গন্তব্য হয়ে উঠছে।

তিনি আশা প্রকাশ করেন, বৈদেশিক বিনিয়োগ বাড়লে দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও গতিশীল হবে।

সম্মেলনে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) বৃদ্ধি, ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন এবং বাংলাদেশে নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

সরকারি সহযোগিতা ও উন্নত নীতিমালার মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য আরও কার্যকর পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।