হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮০৫

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮০৫

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬ ১৫:৫৭

দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ১৬৬ জনের হাম শনাক্ত হয়েছে এবং নতুন করে ১ হাজার ১৪ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা দিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে সিলেট ও রংপুর বিভাগে একজন করে মোট দুই শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৮০৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৭১০ জন এবং হামে আক্রান্ত হয়ে ৯৫ জন মারা গেছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ১৬৬ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি ৮৪৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। ফলে একদিনে নতুন শনাক্ত ও উপসর্গ মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৪ জন।

গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে ১ লাখ ২১ হাজার ২০০ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে ১৫ হাজার ৭ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ পর্যন্ত ১ লাখ ৩ হাজার ৮৬৩ জন হামে বা হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ১৮৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।