পুলিশের ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

পুলিশের ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬ ১৬:২৩

জনস্বার্থে বাংলাদেশ পুলিশের আরও ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অবসরে যাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন তিনজন উপমহাপরিদর্শক (ডিআইজি), ১১ জন অতিরিক্ত ডিআইজি সমমর্যাদার কর্মকর্তা এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী সই করা প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে এসব কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন—

ডিআইজি (হাইওয়ে পুলিশ) মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী

অতিরিক্ত ডিআইজি (সিআইডি) মোহাম্মদ সরোয়ার হোসেন

অতিরিক্ত ডিআইজি (ট্যুরিস্ট পুলিশ) বিধান ত্রিপুরা

অতিরিক্ত ডিআইজি (পুলিশ স্টাফ কলেজ) ড. একেএম ইকবাল হোসেন

ডিআইজি (বাংলাদেশ পুলিশ একাডেমি) মো. ওয়ালিদ হোসেন

অতিরিক্ত ডিআইজি (এপিবিএন) সহেলী ফেরদৌস

অতিরিক্ত ডিআইজি (সিআইডি) রেবেকা সুলতানা

অতিরিক্ত ডিআইজি (বিপিএ) মোহাম্মদ তবারক উল্লাহ

উপপুলিশ কমিশনার (রংপুর মেট্রোপলিটন পুলিশ) মো. হাবিবুর রহমান

অতিরিক্ত ডিআইজি (পুলিশ টেলিকম) হাসিনা রহমান

অতিরিক্ত ডিআইজি ফয়সল মাহমুদ

অতিরিক্ত ডিআইজি কানিজ ফাতেমা

অতিরিক্ত ডিআইজি সুলতানা নাজমা হোসেন

অতিরিক্ত ডিআইজি (নৌ পুলিশ) জেসমিন বেগম

পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী

ডিআইজি (সিআইডি) সানা শামীনুর রহমান

ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) মোছা. ফরিদা ইয়াসমিন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসরে যাওয়া কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব আর্থিক ও অন্যান্য সুবিধা পাবেন। আদেশটি জারির সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে।

এর আগে গত ৫ জুলাই ৩৩ জন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে (১৪ জন ডিআইজি, ১৮ জন অতিরিক্ত ডিআইজি ও একজন পুলিশ সুপার) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

এ ছাড়া ৩ মে ১৭ জন এবং ২২ এপ্রিল ১৩ জন (১১ জন ডিআইজি ও ২ জন অতিরিক্ত ডিআইজি) একই আইনের আওতায় বাধ্যতামূলক অবসরে যান।