মেডিকেল শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধে দেশসেবার আহ্বান জুবাইদা রহমানের

মেডিকেল শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধে দেশসেবার আহ্বান জুবাইদা রহমানের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬ ১৬:৪৯

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান মেডিকেল শিক্ষার্থীদের পেশাগত দক্ষতার পাশাপাশি মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম ধারণ করে দেশের মানুষের সেবায় আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন।

তিনি বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে নতুন প্রজন্মের চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল ও কলেজ অডিটোরিয়ামে আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষা ক্ষেত্রে কৃতিত্বের জন্য সম্মাননা-২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং কঠোর একাডেমিক জীবনের পাশাপাশি সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখার জন্য তাদের প্রশংসা করেন। পরে তিনি মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ তুলে দেন।

তিনি বলেন, সংস্কৃতি মানব সভ্যতার অন্যতম ভিত্তি। চিকিৎসাবিজ্ঞানে অধ্যয়নরত শিক্ষার্থীরা দেশের অন্যতম মেধাবী অংশ। তবে একজন সফল চিকিৎসক হতে হলে মেধার পাশাপাশি মানবিক মনোভাবও প্রয়োজন। মানুষের সেবার মধ্য দিয়েই চিকিৎসকরা পেশার প্রকৃত সার্থকতা অর্জন করেন।

ডা. জুবাইদা রহমান আশা প্রকাশ করেন, মেডিকেল শিক্ষার্থীরা উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণের পর দেশে ফিরে এসে মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন এবং সংকটময় সময়ে জনগণের পাশে দাঁড়াবেন।

দেশের স্বাস্থ্য খাতের বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরে তিনি বলেন, প্রতি এক হাজার মানুষের বিপরীতে দেশে চিকিৎসকের সংখ্যা এখনও সীমিত। শহরাঞ্চলে চিকিৎসকদের আধিক্য থাকলেও গ্রামাঞ্চলে চিকিৎসাসেবার সংকট রয়েছে। এ বৈষম্য কমাতে নতুন প্রজন্মের চিকিৎসকদের এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, চিকিৎসা ব্যয় এখনও অনেক মানুষের জন্য বড় বোঝা। শিক্ষাজীবন থেকেই দেশসেবার মানসিকতা নিয়ে এগিয়ে এলে দেশের স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

ডা. জুবাইদা রহমান বলেন, এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে চিকিৎসার অভাবে কোনো মানুষ মারা যাবে না এবং প্রতিরোধযোগ্য কারণে কোনো মা বা নবজাতকের মৃত্যু হবে না।

তিনি বলেন, সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন প্রজন্মের চিকিৎসকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।