৫০তম বিসিএসের ফল প্রকাশ: উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ প্রার্থী

৫০তম বিসিএসের ফল প্রকাশ: উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ প্রার্থী
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬ ১৭:৩১

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৫০তম বিসিএস (পরীক্ষা-২০২৫)-এর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে। প্রকাশিত ফলাফলে বিভিন্ন ক্যাডারে সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ১৬৫ জন প্রার্থী।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিপিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ক্যাডারভিত্তিক উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ অনুসরণ করে এ ফলাফল প্রস্তুত ও প্রকাশ করা হয়েছে। তবে এটি সাময়িক ফলাফল। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, সনদপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে ফলাফল চূড়ান্তভাবে গ্রহণযোগ্য হবে।

বিপিএসসি জানায়, সাময়িকভাবে উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন প্রার্থীর মধ্যে সাধারণ ক্যাডার, সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডার এবং শুধু কারিগরি/পেশাগত ক্যাডারের প্রার্থীরা রয়েছেন

প্রকাশিত ফলাফলের তালিকা মেধাক্রম অনুযায়ী নয়; প্রার্থীদের রোল নম্বরের ক্রমানুসারে সাজানো হয়েছে।

উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা পরবর্তী সময়ে বিপিএসসির ওয়েবসাইট ও পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

বিপিএসসি আরও জানিয়েছে, কোনো প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, সনদপত্র বা জমা দেওয়া তথ্য-উপাত্তে ভুল, অসংগতি কিংবা বিধিবহির্ভূত কোনো তথ্য পাওয়া গেলে প্রচলিত বিধি অনুযায়ী তার প্রার্থিতা বাতিল করা হবে।