ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন মোদি

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন মোদি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬ ১৭:৫৬

নয়া দিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দেশের সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে নতুন কূটনৈতিক যোগাযোগের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে এই আমন্ত্রণকে।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন। ব্রিকসের সদস্য দেশ না হলেও আয়োজক দেশ হিসেবে ভারত বিভিন্ন রাষ্ট্রপ্রধানকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানাতে পারে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সাংবাদিকদের জানান, ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে এবং তা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে।

তিনি বলেন, “আমন্ত্রণ আমরা পেয়েছি। বিষয়টি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে।”

এদিকে, ভারতের অভ্যন্তরীণ পরিস্থিতি ও সেখানে থাকা বাংলাদেশিদের বিষয়ে বাংলাদেশের উদ্বেগ রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পক্ষে।

তিনি বলেন, “আমরা আশা করি, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত তাদের জনগণের বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখবে এবং সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেবে।”

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ব্রিকসের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের অংশগ্রহণ দুই দেশের সম্পর্ক উন্নয়নে নতুন সুযোগ তৈরি করতে পারে।