দেশজুড়ে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১১৩ জনের হাম শনাক্ত হয়েছে এবং ৯৯২ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। ফলে একদিনে মোট নতুন আক্রান্ত ও উপসর্গে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১০৫ জন।
সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে ঢাকা বিভাগে হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া সিলেট ও রংপুর বিভাগে একজন করে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।
এর ফলে গত ১৫ মার্চ থেকে ২৭ জুলাই পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৮২৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছেন ৭৩০ জন এবং পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর মারা গেছেন ৯৫ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৩ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৯৯২ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে ১৫ হাজার ৫৫৫ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি ১ লাখ ২৪ হাজার ৭৪৫ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে ১ লাখ ৭ হাজার ৬৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ১ লাখ ৩ হাজার ৪৬৭ জন হাসপাতাল ছেড়েছেন।
আরো পড়ুন: