হেপাটাইটিস মুক্ত দেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

হেপাটাইটিস মুক্ত দেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬ ১৯:২০

মানুষকে সচেতন করা, সময়মতো রোগ শনাক্ত করা এবং সবার জন্য সহজে চিকিৎসার ব্যবস্থা করে একটি হেপাটাইটিস মুক্ত বাংলাদেশ তৈরি করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার 'বিশ্ব হেপাটাইটিস দিবস' উপলক্ষে সোমবার দেওয়া এক বিশেষ বার্তায় প্রধানমন্ত্রী এই আশার কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে দেশ থেকে হেপাটাইটিস পুরোপুরি দূর করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দেশের সব মানুষের জন্য কম খরচে আধুনিক ও ভালো চিকিৎসার সুযোগ তৈরি করতে কাজ করে যাচ্ছে সরকার।

এ বছর দিবসটির মূল ভাবনা হলো ‘চলুন সহজভাবে বুঝি’। এই বিষয়টি নিয়ে তিনি বলেন, হেপাটাইটিস রোগ নিয়ে মানুষের মনের ভুল ধারণা ও ভয় দূর করতে হবে। সবাই যেন সহজে এই রোগের পরীক্ষা ও চিকিৎসা করাতে পারেন, সেদিকে নজর দিতে হবে।

তিনি জানান, হেপাটাইটিস একটি মারাত্মক রোগ যা থেকে পরবর্তীতে লিভার সিরোসিস ও ক্যান্সার হতে পারে। তবে সময়মতো টিকা দিলে, সাবধান থাকলে এবং ঠিকমতো চিকিৎসা করালে এই রোগ আটকানো সম্ভব।

চিকিৎসা ব্যবস্থা উন্নত করার বিষয়ে তারেক রহমান বলেন, গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটসহ বিভিন্ন বড় হাসপাতালে নতুন ও আধুনিক যন্ত্রপাতি বসানো হচ্ছে, যাতে মানুষকে চিকিৎসার জন্য বিদেশে যেতে না হয়। পাশাপাশি দরিদ্র লিভার রোগীদের এককালীন সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত সরকারি সাহায্য দেওয়া চালু থাকছে।

রোগীদের সুবিধার জন্য সরকার খুব শিগগিরই ‘ই-হেলথ কার্ড’ চালু করছে বলে জানান প্রধানমন্ত্রী। এর মাধ্যমে রোগীদের চিকিৎসার সব তথ্য এক জায়গায় জমা থাকবে এবং তাদের চিকিৎসা পাওয়া সহজ হবে। সরকারের প্রধান লক্ষ্যই হলো মানুষের দোরগোড়ায় সহজে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া।