দেশের খাল খনন করার পাশাপাশি নদীগুলোকে দখল ও দূষণ থেকে মুক্ত রাখতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
সোমবার সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এই কথা বলেন।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার খাল খননের কাজের পাশাপাশি নদী বাঁচানোর ওপর নজর দিচ্ছে। অতীতে খাল খননের যে কাজ শুরু হয়েছিল, তা টানা চালু থাকলে আজকে নদী ও খাল এভাবে দখল বা দূষিত হতো না।
মন্ত্রণালয়ের নতুন কাজগুলোর কথা জানিয়ে মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষের কথা চিন্তা করে পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। একইসঙ্গে উত্তরাঞ্চলের মানুষের জন্য গুরুত্বপূর্ণ তিস্তা নদী থেকে যেন সবাই সর্বোচ্চ উপকার পায়, সে জন্য দেশি-বিদেশি বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে।
বৈঠকে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, যেকোনো নতুন উন্নয়নমূলক কাজ হাতে নেওয়ার আগে পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষা করাকে প্রধানমন্ত্রী তারেক রহমান সবচেয়ে বেশি জোর দিতে বলেছেন। সে জন্য এখন বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে একাধিক বৈঠক করে তবেই প্রকল্প চূড়ান্ত করা হচ্ছে।
বৈঠকে বাপার নেতারা নদী, খাল-বিল ও জলাশয়গুলোকে দখলের হাত থেকে বাঁচাতে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। সরকারের পক্ষ থেকে নদী ও পরিবেশ রক্ষায় পরিবেশবাদীদের সঠিক তথ্য ও পরামর্শ দিয়ে পাশে থাকার আহ্বান জানানো হয়।
এই বৈঠকে পানিসম্পদ সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দিন এবং বাপার সভাপতি নুর মোহাম্মদ তালুকদার, সহ-সভাপতি খুশী কবির, ড. শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আলমগীর কবিরসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: