রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের প্রস্তুতি এবং আইনি বিষয়গুলো পর্যালোচনা করা হয়েছে। কমিশন এখন যেকোনো সময় নির্বাচন আয়োজন করতে সক্ষম।
তবে নির্বাচনের তারিখ ও সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি বলে জানান তিনি। স্পিকারের সঙ্গে প্রয়োজনীয় পরামর্শ ও সমন্বয়ের পর নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করা হবে।
নির্বাচনের চূড়ান্ত সময়সূচি নির্ধারণের পর তা গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে বলে জানান সিইসি।
তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার নিজেই রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশন প্রাঙ্গণ থেকেই পুরো নির্বাচন প্রক্রিয়ার কার্যক্রম পরিচালিত হবে।
সিইসি জানান, সংসদীয় অধিবেশনে সদস্যদের উপস্থিতি বা অনুপস্থিতি রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ায় কোনো বাধা সৃষ্টি করবে না।
তিনি আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনসহ সামনে বড় ধরনের দায়িত্ব রয়েছে নির্বাচন কমিশনের। তাই দ্রুততম সময়ে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।
সংসদীয় আসন সংক্রান্ত অন্যান্য বিষয়ে আলোচনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি জানান, বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন ছাড়া অন্য কোনো আঞ্চলিক আসন বা বিষয় নিয়ে আলোচনা হয়নি।
তিনি বলেন, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে যথাসময়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
আরো পড়ুন: