স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু আইন প্রয়োগ বা শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়। রাজনৈতিক দলসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
মঙ্গলবার ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত এক মাদকবিরোধী সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘ঠাকুরগাঁওয়ে সবাইকে সম্পৃক্ত করে মাদকবিরোধী অভিযান শুরু করা হয়েছে। এই আন্দোলনকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই। এছাড়া বিকল্প কোনো পথ নেই।’
তিনি আরও বলেন, ‘এই আন্দোলনের মাধ্যমে ইতিবাচক ফল পাওয়া সম্ভব। সবাইকে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে এবং মাদকবিরোধী প্রচার-প্রচারণা আরও জোরদার করতে হবে।’
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: