পদ্মায় নৌকা ডুবে বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

পদ্মায় নৌকা ডুবে বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬ ১৫:০৫

রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় বাবা-ছেলে নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে নগরের বড়কুঠি এলাকার মাঝ পদ্মায় এ দুর্ঘটনা ঘটে। নৌকায় থাকা আটজনের মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ রয়েছেন দুইজন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালাচ্ছেন।

নিখোঁজ ব্যক্তিরা হলেন পবা উপজেলার শ্যামপুরের শান্তিনগর এলাকার কাউসার (৬০) এবং তার ছেলে জিয়ারুল ইসলাম (৪০)। এ ঘটনায় জিয়ারুলের মা জাহেরা বেগম (৫৫) প্রাণে বেঁচে গেছেন।

রাজশাহী ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পদ্মা নদীতে জেগে ওঠা একটি চরে খড় কাটতে গিয়েছিলেন তারা। কাজ শেষে একটি নৌকায় করে ফেরার সময় মাঝনদীতে প্রবল স্রোতের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে একজন নারী ও সাতজন পুরুষসহ মোট আটজন ছিলেন। দুর্ঘটনার পর ছয়জন সাঁতরে তীরে উঠতে পারলেও কাউসার ও তার ছেলে জিয়ারুল নদীর পানিতে তলিয়ে যান।

খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

রাজশাহী সদর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মুঞ্জিল হক জানান, নিখোঁজ বাবা-ছেলেকে উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। তবে পদ্মা নদীর তীব্র স্রোতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।