দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬ ১৫:১৫

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন বাংলাদেশি আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৮ জুলাই) ভোর ৩টার দিকে কুইন্সটাউন এলাকার ওই দোকানে আগুন লাগার পর এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত ছয়জনই নারায়ণগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে কয়েকজন আলিরটেক ইউনিয়নের কুকেরচর ও চর আলীরটেক এলাকার এবং অন্যরা বক্তাবলী ইউনিয়নের রামনগর এলাকার বাসিন্দা।

জানা গেছে, আগুন লাগার সময় বাংলাদেশিরা দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। আহত একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, কয়েকজন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এখনো সরকারি বা আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়নি। বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।