দেশে হামের প্রকোপ উদ্বেগজনক, আরও মৃত্যু ৩ শিশুর

দেশে হামের প্রকোপ উদ্বেগজনক, আরও মৃত্যু ৩ শিশুর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬ ১৬:৪৬

দেশে হামের প্রকোপ এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯০৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় পরীক্ষার মাধ্যমে ১০৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরও ৭৯৯ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৮ জুলাই পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৮২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৫ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৭৩৩ জনের।

এ সময়ে দেশে মোট ১ লাখ ২৫ হাজার ৫৫২ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। পাশাপাশি পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৫৬ জনে।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত ১ লাখের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের অধিকাংশই চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে শিশুদের নির্ধারিত টিকা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।