তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর স্থান নেই। কার্ড প্রদানের ক্ষেত্রে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার কুতুবপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত স্বনির্ভর খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ক্ষমতার উৎস জনগণ। সরকার জনগণের সেবক হিসেবে কাজ করছে। জনগণকে যথাযথ সেবা দিতে হবে এবং এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, অন্যায়কারীদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে।
অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সবাইকে এ ধরনের কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান মন্ত্রী।
পরে অতিথিরা খালের দুই পাড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, পৌর শাখার আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু এবং জেলা যুবদলের সৈয়দ আলম খান সেন্টুসহ দলীয় নেতাকর্মীরা।
কৃষকদলের সদস্য সচিব আবুল কালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: