দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত ও ভালো মানের শিক্ষা নিশ্চিত করা সরকারের সবচেয়ে বড় কাজগুলোর একটি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষাব্যবস্থাকে উন্নত করতে হলে সঠিক পরিকল্পনা, নিয়মিত তদারকি এবং সবাইকে একসাথে কাজ করে যেতে হবে।
মঙ্গলবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে তিনি কথাগুলো বলেন। সেখানে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং দেশের বিভিন্ন এলাকা থেকে আসা শিক্ষা অফিসারদের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক জানান, সভায় শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন কাজ, নতুন পরিকল্পনা এবং কীভাবে কাজ পরিচালনা করা হচ্ছে তা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হয়। এসব কাজ দেখে প্রধানমন্ত্রী কর্মকর্তাদের প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেন।
বৈঠকে সবচেয়ে বেশি জোর দেওয়া হয় পড়াশোনার মান বাড়ানোর ওপর। কীভাবে শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে উপস্থিত থাকবে, শিক্ষকরা ভালো ট্রেনিং বা প্রশিক্ষণ পাবেন, পড়াশোনায় প্রযুক্তির ব্যবহার বাড়বে এবং কাজকর্মে স্বচ্ছতা থাকবে—সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত থাকা মাঠপর্যায়ের শিক্ষ কর্মকর্তারা নিজেদের এলাকায় কাজ করার বিভিন্ন অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী তাদের সব কথা মন দিয়ে শোনেন এবং জানান যে, সরকারের বড় নীতি তৈরি করার সময় মাঠপর্যায়ের কর্মকর্তাদের এসব অভিজ্ঞতা ও পরামর্শ খুব গুরুত্ব দিয়ে দেখা হবে।
সবশেষে, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের নিষ্ঠা ও সততার সাথে দেশের মানুষের জন্য কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
আরো পড়ুন: