বিএনপি বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে: মীর হেলাল 

বিএনপি বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে: মীর হেলাল 

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৫ ২০:২৬

বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল মোহাম্মদ উদ্দিন বলেছেন, 'যুব সমাজকে যেকোনো জাতির মূল প্রাণশক্তি। আগামী দিনে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি বেকার যুবকদের ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করবে।'

মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের হাটহাজারী সদরের ডাকবাংলো চত্বরে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বিশাল র‌্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

উপজেলা ও পৌরসভা যুবদলের যৌথ উদ্যোগে এই র‌্যালি ও সমাবেশের আয়োজন করা হয়। 

মীর হেলাল বলেন, 'যুবকদের সঠিক ভাবে পরিচালিত করতে না পারলে জাতি দিশেহারা হয়ে পড়বে। তাই বিএনপি দেশে উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে চায়।'
  
সারাদেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, 'এই জোয়ার বাংলাদেশের সাধারণ মানুষের ১৮ বছরের হারানো অধিকার ফিরে পাওয়ার, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার, গুম, খুন, হত্যা, নির্যাতন নিপীড়নের সংস্কৃতির অবসান ঘটিয়ে নুতন বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষার জোয়ার। দেশে অরাজকতা সৃষ্টি করে, ষড়যন্ত্র করে এই জোয়ার রুখা যাবে না। জনগণের ইচ্ছার বিরুদ্ধে অপপ্রচার-ষড়যন্ত্র করে নির্বাচন ঠেকানো যাবে না।'
 
তিনি আরও বলেন, 'হাটহাজারীসহ সারাদেশের মানুষ আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বে একটি দেশপ্রেমিক সরকার গঠন করবে। বিএনপি বরাবরই সাধারণ মানুষের ভোটের মর্যাদা রেখেছে। আগামী দিনেও জনগণের জন্য একটি সুখ, শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ গঠন করা হবে।'

হাটহাজারী উপজেলা যুবদলের আহ্বায়ক ফখরুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল কবির তালুকদার ও পৌর যুবদলের সদস্য সচিব হেলাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, জেলা বিএনপি’র সাবেক সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহম্মদ সেলিম চেয়ারম্যান, উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য রফিকুল আলম, পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর মেম্বার প্রমুখ। 

সমাবেশ শেষে ব্যারিস্টার মীর হেলালের নেতৃত্বে এক বিশাল বর্ণাঢ্য র‌্যালি ডাক বাংলো চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

বাসস।