আদর্শিক রাজনীতি দিয়েই অপরাজনীতি বিদায় করা সম্ভব : সালাহউদ্দিন আহমেদ

আদর্শিক রাজনীতি দিয়েই অপরাজনীতি বিদায় করা সম্ভব : সালাহউদ্দিন আহমেদ
Photo: File

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৫ ১৯:৩১

আপডেট: ২ নভেম্বর, ২০২৫ ১৬:৪৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আদর্শিক রাজনীতির মধ্য দিয়েই বাংলাদেশে অপরাজনীতি বিদায় করা সম্ভব হবে। শনিবার বিকেলে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ‘আজমতে সাহাবা’ শীর্ষক মহাসম্মেলনে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিগত ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার ইসলাম ও মুসলিম বিদ্বেষী সরকার ছিলো। আওয়ামী লীগের রাজনীতি সাধারণ জনগণ দেখেছে। আল্লাহর হুকুমে কিভাবে তাদের রাজনীতির সমাপ্ত হয়েছে আমরা সবাই তার সাক্ষী। সুতরাং আমরা এমনভাবে রাজনীতি করব, যেন ভালো আদর্শ স্থাপন হয়। আদর্শিক রাজনীতি করতে হবে, ভালো রাজনীতি করতে হবে। এর মধ্য দিয়েই বাংলাদেশে অপরাজনীতি বিদায় হবে ইনশাআল্লাহ।’ 

তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনের আগে ইসলামকে ব্যবহার করে বিভিন্ন ফায়দা হাসিলের চেষ্টা করা হয়। যারা ফেতনা তৈরি করে মুসলমানদের বিভ্রান্ত করতে চায় তাদের থেকে সাবধান হতে হবে। 

সম্মেলনে জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মুফতি মনির হোসাইন কাশেমীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক মামুন মাহমুদ, যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজীব, বিএনপি নেতা মাসুদুজ্জামান মাসুদ ও মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খান।