অবশেষে শাপলা কলিতে সন্তুষ্ট এনসিপি

 অবশেষে শাপলা কলিতে সন্তুষ্ট এনসিপি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৫ ১৭:২৭

আপডেট: ২ নভেম্বর, ২০২৫ ১৮:৪৭

প্রতিক হিসেবে অবশেষে শাপলা কলি নিতে রাজি হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে এনসিপি তিনটি প্রতীক চেয়ে নতুন ভাবে আবেদন করেছে।

রোববার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এসব কথা বলেন।

এর আগে এক অনুষ্ঠানে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছিলেন, ‘আমরা বরাবরই বলে আসছি, এনসিপি শাপলা চায়। এনসিপি শাপলা নিয়ে নির্বাচন করবে। শাপলার প্রশ্নে আমরা আপসহীন। শাপলা নিয়ে আমরা একবিন্দু ছাড় দিতে চাই না।’

রোববার সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে বিকেল ৩টায় তার দপ্তরে প্রবেশ করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। সে সময় তারা শাপলা, সাদা শাপলা এবং শাপলা কলির মধ্যে একটিকে প্রতীক হিসেবে বরাদ্দ চেয়ে আবেদন করেন। 

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, 'শাপলা, সাদা শাপলা ও শাপলা কলি দলের প্রতীক চেয়ে ইসিতে চিঠি দিয়েছিল জাতীয় নাগরিক পার্টি। শাপলা কলি দেওয়া হলে এনসিপি নেবে। তৃণমূল কলিকে ইতিবাচক হিসেবে নিয়েছে।'

আসন্ন নির্বাচনে জোট গঠন নিয়ে তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত যদি সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি গডফাদারদের রাজনীতি থেকে সরে আসতে পারে, তাহলে আমরা জোটে যাব।’

‎এ সময় নির্বাচনের দিন বা তার আগে যখনই হোক না কেন, গণভোট যেন সুষ্ঠু হয়- এই দাবি জানান এনসিপি নেতা।

এনসিপি'র যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন, 'গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন শাপলা কলিসহ কয়েকটি প্রতীক যুক্ত করে গেজেট প্রকাশ করেছে। তারই ধারাবাহিকতায় এনসিপি ইসির তালিকা থেকে প্রতীক পছন্দ করে আজকে একটা আবেদন দিয়েছে। এর মধ্যে প্রথমে আছে শাপলা, দ্বিতীয়তে আছে সাদা শাপলা এবং তৃতীয় শাপলা কলি আছে। সে ক্ষেত্রে শাপলা কলি পেলে এনসিপি মেনে নেবে। এনসিপির প্রতীক শাপলা কলি বিবেচনায় নিয়ে গণবিজ্ঞপ্তি জারি করতে পারে।'

গত বৃহস্পতিবার  নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। তাতে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য প্রতীকের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে শাপলা কলি যুক্ত করা হয়েছে। অথচ এনসিপি দীর্ঘদিন ধরে শাপলাকে দলীয় প্রতীক হিসেবে দাবি জানিয়ে আসছে।