গণভোটের মাধ্যমে সংস্কারগুলো অনুমোদিত হওয়া উচিত, মনে করে এনসিপি

গণভোটের মাধ্যমে সংস্কারগুলো অনুমোদিত হওয়া উচিত, মনে করে এনসিপি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৫ ১৯:২২

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 'আমরা বিশ্বাস করি- সংস্কারগুলো একটি গণভোটের মাধ্যমে অনুমোদিত হওয়া উচিত।'

রোববার দুপুরে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, 'গণভোট আমরা নির্বাচনের দিনও করতে পারি, আগেও করতে পারি। বরং এটি সরকার ও নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দেওয়া উচিত, এটা তাদের প্রশাসনিক এবং আইন-শৃঙ্খলার ক্ষমতার ওপর নির্ভর করে।'

তিনি বলেন, 'তার দল জুলাই সনদ ঐক্যবদ্ধ ভাবে বাস্তবায়ন এবং এর পূর্ণ আইনি বৈধতা নিশ্চিত করার পর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চায়।'

এনসিপি'র আহ্বায়ক বলেন, 'এনসিপি ফেব্রুয়ারিতে নির্বাচন এবং জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন চায়। আমরা মনে করি, চলতি মাসের মধ্যেই আদেশ জারি হয়ে যাওয়া উচিত। মৌলিক সংস্কারে যে জায়গাগুলোয় ঐকমত্য হয়েছে- আমরা মনে করি, সেসব বিষয়ে গণভোটে যাওয়া উচিত। গণভোট নির্বাচনের দিন হতে পারে, আগেও হতে পারে। এটা সরকার ও নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দেওয়া উচিত।'

তিনি বলেন, 'গণভোট নির্বাচনের আগে না কি নির্বাচনের দিন হওয়া উচিত, তা নিয়ে আমরা বিভ্রান্তি এবং অপ্রয়োজনীয় বিতর্ক দেখছি। গণভোট আগে হবে, না নির্বাচনের দিন হবে- এটা নিয়ে বিএনপি-জামায়াত আবার একটা দ্বন্দ্বে চলে গেছে। এ দ্বন্দ্ব অযথা ও অপ্রয়োজনীয়।'

নাহিদ বলেন, 'জুলাই সনদ বাস্তবায়ন এবং শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করার জন্য সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ হওয়া উচিত। সব দলের প্রতি আমাদের অনুরোধ হচ্ছে- ঐক্যবদ্ধ থাকুন। সংস্কার প্রক্রিয়া একমত হলে সম্মিলিত ভাবে তা সম্পন্ন করতে হবে।'

তিনি উল্লেখ করেন, এনসিপি সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার সম্পর্কিত ঐক্যমত্য কমিশনের প্রস্তাবগুলোকে সমর্থন করে- যার মধ্যে রয়েছে উচ্চকক্ষ গঠন, তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তন এবং সাংবিধানিক ও বিচারিক পদে নিয়োগ।

এনসিপি কোনো জোটে যাচ্ছে কি না- এমন প্রশ্নে নাহিদ বলেন, 'যদি সংস্কারের পক্ষে কেউ না থাকে, তাহলে তাদের সঙ্গে আমাদের জোটে যাওয়া সম্ভব নয়। আমাদের মৌলিক দাবিগুলোর সঙ্গে যারা কাছাকাছি আছে, এ রকম দলের সঙ্গে আমাদের যদি ঐক্যবদ্ধ হতে হয় বা কোনো ধরনের সমঝোতায় যেতে হয়, তাহলে সেটা আমরা বিবেচনায় রাখব।'

বাসস।