শাপলা কলি প্রতীকে ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাপলা কলি প্রতীকে ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৫ ২১:৪৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, 'আমরা শাপলা কলি প্রতীক নিচ্ছি এবং এই প্রতীকে ৩০০ আসনে প্রার্থী দেওয়া হবে। জাতীয় নির্বাচনে এনসিপি একক ভাবে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।’

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা শাপলা কলি নেব। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থ চিন্তা করে এই সিদ্ধান্ত নিচ্ছি।’

তিনি বলেন, ‘আমরা আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে অংশগ্রহণ করব শাপলা কলি প্রতীক নিয়ে। ধানের শীষের সঙ্গে শাপলা কলির হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আমরা আশাবাদী।’

তিনি আরও বলেন, ‘আমাদের পছন্দের তালিকায় প্রথমে রেখেছি শাপলা, দ্বিতীয় সাদা শাপলা এবং তৃতীয় রেখেছি শাপলা কলি। আমরা চাই নির্বাচনের ধাপে প্রবেশ করতে, যাতে আগামী ফেব্রুয়ারির নির্বাচনটি সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়।’

এনসিপি'র এই নেতা বলেন, ‘আমরাও নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছি। দেশবাসীর মধ্যে শাপলা প্রতীকের প্রতি আমরা ইতিবাচক সাড়া পেয়েছি। এবার শাপলা আরও এক ধাপ এগিয়েছে- শাপলা কলি। অর্থাৎ, শাপলার সঙ্গে কলির সংযোজন হয়েছে। এটিকে ইতিবাচক ভাবে নিয়েছি এবং দ্রুতগতিতে জাতীয় নাগরিক পার্টির নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানাচ্ছি, যাতে মাঠে প্রতীক নিয়ে যেতে পারি।’

তিনি বলেন, ‘আগামী নির্বাচনে বিএনপি ও জামায়াতসহ বড় বড় দলগুলোর সঙ্গে শাপলা কলি ইনশাআল্লাহ একটি শক্ত প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থানে থাকবে। জনতার মধ্যে ইতোমধ্যেই শাপলা প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে এবার শাপলার সঙ্গে কলি যোগ হচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা শাপলা কলি প্রতীক গ্রহণ করেছি এবং পুরো বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী ও জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি- আপনারা যে যেখানে আছেন, ৩০০ আসনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিন। ইনশাআল্লাহ আমরা সব আসনেই প্রার্থী দেব।’

বৈঠকে এনসিপি নেতারা সিইসিকে দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি হস্তান্তর করেন। 

এ সময় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ, এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মূসা উপস্থিত ছিলেন।

বাসস।